বিনোদন ডেস্ক: অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর পর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যম যখন সরগরম তখন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য পরকীয়াকে সুস্থতার লক্ষণ মনে করছেন।
বছর কয়েক আগে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পরকীয়া নিয়ে কথা বলেছিলেন, যা সম্প্রীতি আবার আলোচনায় আসে।
ভাইরাল হওয়া ভিডিওতে অপরাজিতা আঢ্য প্রশ্ন তোলেন, পরকীয়া আটকাবে কেন? এটি তো সুস্থতার লক্ষণ! তার মতে, রামায়ণ-মহাভারতের আমল থেকেই এই প্রথা চলে আসছে এবং এটি জীবনের স্বাভাবিক ধর্ম। অপরাজিতা যুক্তি দেখান যে, একজনকে ভালোবাসলেও অন্য কাউকে ভালো লাগতেই পারে। গোলাপ ফুল ভালোবাসলে পদ্ম বা অর্কিডের দিকে তাকানো যাবে না, এমন ধারণায় তিনি বিশ্বাসী নন।
অভিনেত্রীর মতে, মানুষের জীবনে ভালোবাসা আসা অন্যায় নয়, বরং এটি তার সুস্থতারই বহিঃপ্রকাশ। তবে তিনি ব্যালেন্স বা ভারসাম্যের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, কোথায় কতদূর আমি যাব বা কাকে বেশি গুরুত্ব দেব, সেটি একান্তই ব্যক্তিগত বিষয়। আমি আমার সংসারের প্রতি অন্যায় করছি কি না, সেটিই আসল।
পরকীয়ার পক্ষে বিতর্কিত যুক্তি দিলেও অপরাজিতা নিজেকে বিয়েতে বিশ্বাসী হিসেবে দাবি করেন। তিনি মনে করেন, একটি সুস্থ ও সুন্দর বিয়ে মানুষের জীবনকে সমৃদ্ধ করে। লিভ-ইন সম্পর্কের চেয়ে আইনি ও সামাজিক বিয়েকেই তিনি শ্রেষ্ঠ মনে করেন।
অপরাজিতার এই পুরনো মন্তব্যটি নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম