শেরপুর প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনমুখী প্রশাসন ব্যবস্থার অংশ হিসেবে বুধবার (৪ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর-এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। তিনি উপস্থিত নাগরিকদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও প্রস্তাব মনোযোগ সহকারে শুনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রাপ্ত অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশও প্রদান করেন।
গণশুনানিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কয়েকজন শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত সহায়তার আবেদন নিয়ে উপস্থিত হন। জেলা প্রশাসক তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
প্রশাসন জানায়, নিয়মিত এ ধরনের গণশুনানি কার্যক্রম প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিপোর্টার্স২৪/বাবি