বিনোদন ডেস্ক: দেশের সংগীতাঙ্গনের আলোচিত দম্পতি ছিলেন ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। তবে হঠাৎ বিচ্ছেদের পর সেই সুরের ছন্দ ভেঙে যায়। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী সংসার ভাঙার পেছনে পরকীয়ার ইঙ্গিত দেন।
এবার সেই অভিযোগের বিষয়ে ডলি সায়ন্তনী নিজের অবস্থান পরিষ্কার করলেন। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, সম্প্রতি আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না।
ডলি আরও বলেন, সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় বানানোর অনুরোধ জানিয়েছেন। আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে।
বিচ্ছেদের প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ডিভোর্স আমিই দিয়েছিলাম। কেন দিয়েছিলাম, সেটি এই মুহূর্তে আর বলতে চাই না। ডিভোর্স দেওয়ার পর তখনই প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত জানানো হয়েছিল। অতএব এত বছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই।
শেষে পবিত্র মাহে রমজানকে সম্মান জানিয়ে ডলি সায়ন্তনী বলেন, মাহে রমজানে আল্লাহ সবাইকে পবিত্রতা রক্ষার তৌফিক দান করুক।
রিপোর্টার্স২৪/ঝুম