ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় এক অটোরিকশা চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে গাড়ি ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫মার্চ) গ্রেপ্তারকৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার চালক মো. বাবুল হোসেন (৪৮) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের বাসিন্দা।
আসামিরা হলেন,পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রামপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (৫০), ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার শংকর অধিকারী (৪৫) এবং রুহিয়া থানার মধুপুর গ্রামের মো.সাদ্দাম হোসেন (৩০)।
জানা যায়, গত বুধবার সকালে অটোরিকশা নিয়ে বের হন বাবুল হোসেন। রাত সাড়ে ৮ দিকে চন্ডিপুর বাজার এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্রটি কৌশলে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে খাইয়ে দেয়। চালক অচেতন হয়ে পড়লে আসামিরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ধাওয়া করে তিনজনকে ধরে ফেলেন। পরে বিক্ষুব্ধ জনতা তাদের পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিদের গ্রেফতার করে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি জব্দ করে। স্থানীয়রা অচেতন অবস্থায় বাবুল হোসেনকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী চালকের স্ত্রী শিউলী আক্তার শিল্পী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের হেফাজতে নেয় এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।
রিপোর্টার্স২৪/মিতু