রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে–৫৮২ নম্বর ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মরদেহ দেশে পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যরা প্রিয়জনকে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন।
সরকারি সূত্র জানায়, নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। পরবর্তীতে নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রভাব বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। সেই প্রেক্ষাপটে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
রিপোর্টার্স২৪/আরকে