সিনিয়র রিপোর্টার: মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। গত রোববার (৮ মার্চ) জারি করা ওই আদেশে রাষ্ট্রদূত আনসারীকে অনতিবিলম্বে মেক্সিকোতে তাঁর বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফিরে এসে সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিধি অনুযায়ী রাষ্ট্রদূত ও তাঁর পরিবারের সদস্যরা দেশে ফেরার ক্ষেত্রে ভ্রমণ ব্যয় এবং অন্যান্য প্রাপ্য ভাতা পাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া একাধিক রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারীর পাশাপাশি পর্তুগাল, পোল্যান্ড ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আরও তিন রাষ্ট্রদূত—এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম এবং মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৃথকভাবে নির্দেশনা দিয়ে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় ফিরে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কূটনীতিকদের বিষয়ে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে নতুন নিয়োগ বা দায়িত্ব পুনর্বণ্টনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।