শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শ্রীপুর উপজেলার কেষ্টপুর এলাকায় গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছ। শুক্রবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্ত দত্ত(২৮) শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের সাহা পাড়ার ভজন দত্তের ছেলে ও মাহাবুব(২৬) উপজেলার ঘাসিয়াড়া গ্রামের খাল দিয়েরপাড়ার দিপুলের ছেলে ।
রামনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রোকনুজ্জামান ও নিহতদের পরিবারের লোকজন জানান, প্রান্ত দত্ত ও মাহাবুব দুইজন কেনাকাটার উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন।
কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে গাছের একটি মরা ডাল ভেঙে চলন্ত অবস্থায় তাদের মাথার ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রান্ত দত্তের মৃত্যু হয়। স্থানীয় লোকজন প্রান্ত দত্ত ও গুরুতর আহত মাহাবুবকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন। মাহাবুবকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ফরিদপুর নেওয়ার পথে তার অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তারও মৃত্যু হয়।
রামনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রোকনুজ্জামান এবিষয়ে বলেন, এবিষয়ে প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এন এইচ