মাহামুদুল ইসলাম জয়,পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে গণপিটুনির শিকার হওয়া বিটুল নামের ব্যক্তিকে যুবদল নেতা হিসেবে পরিচয় দেওয়া সম্পূর্ণ ভুল বলে দাবি করেছে জেলা যুবদল। সংগঠনটির নেতাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি যুবদলের কেউ নন; বরং তিনি স্থানীয় যুবলীগের একজন পদধারী নেতা।
সোমবার (২৩ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু। তিনি লিখিত বক্তব্যে বলেন, ঈদুল ফিতরের দিন টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঈদগাহ মাঠের অস্থায়ী দোকান থেকে চাঁদা তোলার সময় স্থানীয়দের গণপিটুনির শিকার হন বিটুল।
তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যমে তাকে যুবদল নেতা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তার ভাষায়, বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। তার সঙ্গে জাতীয়তাবাদী যুবদলের কোনো সম্পৃক্ততা নেই।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, জাতীয়তাবাদী যুবদল সবসময় সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে থেকে কার্যক্রম পরিচালনা করে। কোনো সদস্য অপরাধে জড়িত হলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
নুরুজ্জামান বাবু বলেন, যুবদল কোনো বেআইনি বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। কেউ সংগঠনের নাম ব্যবহার করে অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো অপরাধীর সঙ্গে সংগঠনের নাম যুক্ত করে সংবাদ প্রকাশ না করতে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, দপ্তর সম্পাদক মওদুদ আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি