ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মো. সুমন (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪মার্চ) উপজেলার রত্নাই বিওপি সংলগ্ন মমিনটুলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বালাবাড়ী (বারশা) গ্রামের মো. জানিয়ে মিয়ার ছেলে।
জানা গেছে, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রত্নাই বিওপির একটি টহল দল জানতে পারে, আমজানখোর ইউনিয়নের মমিনটুলা এলাকার সীমান্ত মেইন পিলার ৩৮১/৩-এস এর কাছ দিয়ে এক ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছেন। খবর পেয়ে হাবিলদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল সেখানে অবস্থান নেয়।
বেলা ২টার দিকে ওই যুবককে সীমান্ত অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করে। আটক যুবক স্বীকার করেন যে, তিনি ঘাস কাটার উদ্দেশ্যে কোনো প্রকার বৈধ পাসপোর্ট বা ভ্রমণ দলিল ছাড়াই অবৈধভাবে ভারতের ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করেন।
আটকের সময় দৌড়ে পালাতে গিয়ে সামান্য আহত হওয়ায় ওই যুবককে বিজিবির পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রত্নাই বিওপির হাবিলদার মো. মনিরুজ্জামান বাদী হয়ে আজ বিকেলে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় যুবকের বিরুদ্ধে 'বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩' এর ১১(১)(ক) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির পক্ষ থেকে আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/মিতু