পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় শহরের ব্যস্ততম টিনপট্টি রোড বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এতে ৩টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং বাকি ৩টি দোকানের মালামাল আংশিক পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে হঠাৎ একটি দোকানে আগুনের শিখা দেখা দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বৃদ্ধি পায় এবং তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ব্যবসায়ীরা জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে পাশের কাপড়ের মার্কেটে আগুন ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছিল। সময়মতো আগুন নিয়ন্ত্রণে না এলে পুরো বাজার ভস্মীভূত হওয়ার আশঙ্কা ছিল।
পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, "খবর পাওয়ার পরপরই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।"
বুধবার (২৫ মার্চ) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সরকারিভাবে সহায়তার আশ্বাস দেন। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বাজারের ব্যবসায়ীদের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা ও অগ্নি-নির্বাপণ ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার রবিউল ইসলাম, এবং অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন