রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ (জিএসটি) পদ্ধতির ভর্তি পরীক্ষা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রথম দিনেই অনুষ্ঠিত হচ্ছে ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) এর পরীক্ষা, যেখানে অংশ নিচ্ছেন ২৫ হাজার ২১৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য মোট আবেদন করেছেন ২ লাখ ৮৪ হাজার ৪৮০ শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন আবেদন করেছেন। অথচ আসন সংখ্যা রয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার—ফলে প্রতিটি আসনের জন্য তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে।
আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এক ঘণ্টার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ধরা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। উল্লেখযোগ্যভাবে, এবারও শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ‘সেকেন্ড টাইম’ আবেদনের সুযোগ।
গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫-২৬) সচিব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানিয়েছেন, পরীক্ষাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ইতোমধ্যেই প্রশ্নপত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে উত্তরপত্রগুলো নিরাপদে সংগ্রহ করে টেকনিক্যাল কমিটির মাধ্যমে মূল্যায়ন ও ফলাফল প্রস্তুত করা হবে বলে জানান তিনি।
এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দূর-দূরান্ত থেকে আগতদের সহায়তায় স্থাপন করা হয়েছে হেল্প ডেস্ক। অনেক স্থানে অভিভাবকদের জন্য রাখা হয়েছে বিশ্রাম ও হালকা নাস্তার ব্যবস্থাও।
শিক্ষার্থীদের জরুরি চিকিৎসা সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আবেদন গ্রহণ চলে ১০ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১-২০২৩ সালের এসএসসি এবং ২০২৪-২০২৫ সালের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
পরবর্তী সূচি অনুযায়ী, ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান) এর ভর্তি পরীক্ষা।
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে এখন শিক্ষার্থীদের স্বপ্ন আর প্রতিযোগিতার উত্তাপ সবকিছু মিলিয়ে শুরু হলো দেশের অন্যতম বড় ভর্তি লড়াই।
রিপোর্টার্স২৪/ঝুম