জ্যেষ্ঠ প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি পোস্টে দাবি করা হয়েছিল, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জনসাধারণকে বলেছেন, ‘একটা মাস গাড়ি ছাড়া চলুন, হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে’। তবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)–এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানিয়েছে, ভাইরাল হওয়া পোস্টটি আসলে ‘চ্যানেল এআই’ নামের একটি সার্কাজম পেজের তৈরি। কিন্তু তা মন্ত্রীর বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলেছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও দেশের বাইরে পরিচালিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
বাংলাফ্যাক্ট নিয়মিতভাবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে, গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে এবং জনগণকে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে। এই ধরনের উদ্যোগ দেশে চলমান গুজব ও ভুয়া খবর প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিপোর্টার্স২৪/আরকে