মানিকগঞ্জ প্রতিনিধি: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা (মিরপুর)-উথুলী-পাটুরিয়া জাতীয় মহাসড়ক (এন-৫)-এর ৫৭তম কিলোমিটার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মহরম আলীসহ সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন কর্মকর্তা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম স্কুলগুলোতে কাঠের চাহিদা পূরণে সহায়ক হতে পারে এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাস্তার পাশে দীর্ঘমেয়াদি গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়। এ ধরনের গাছ রোপণে সবাইকে উৎসাহিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, গাছের উপকারিতা ধর্মীয় দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর গুরুত্ব অপরিসীম। তিনি সবাইকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।
কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন