স্পোর্টস ডেস্ক: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে অনুষ্ঠিতব্য এই সিরিজের সূচি ইতোমধ্যে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেখানে তিনটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। কোনো ফাইনাল ম্যাচ রাখা হয়নি; পয়েন্ট তালিকার ভিত্তিতেই নির্ধারিত হবে শীর্ষ দল।
আগামী ২৮ মে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। বাংলাদেশের মেয়েরা মাঠে নামবে ৩০ মে, প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড। পরদিন ৩১ মে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা।
এরপর ২ জুন আবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শেষ করবে টাইগ্রেসরা। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের এডিনবার্গে অবস্থিত দ্য গ্রাঞ্জ ক্লাব মাঠে।
উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশ, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস—তিন দলই মূল পর্বে জায়গা করে নিয়েছে। আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুলাই। এবারের আসরে মোট ১২টি দল অংশ নেবে।
ত্রিদেশীয় সিরিজের সূচি:
২৮ মে – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
৩০ মে – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩১ মে – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস
২ জুন – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩ জুন – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
৪ জুন – নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ
রিপোর্টার্স২৪/বাবি