জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও গুরুতর আহত হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত আবু কাশেম। স্ত্রীর মৃত্যুতে হাসপাতালে কান্নায় জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রীতা বেগম (৩৮) একই এলাকার আবু কাশেমের স্ত্রী বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাঁখের আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের জমিতে সেচ দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে যান রীতা বেগম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন।
স্ত্রীকে ছটফট করতে দেখে তাকে উদ্ধার করতে ছুটে যান স্বামী আবু কাশেম। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রীতা বেগমকে মৃত ঘোষণা করেন। আবু কাশেমের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় আহত আবু কাশেম বারবার স্ত্রীর খোঁজ নেন। স্ত্রীর মৃত্যুশোকে বারবার জ্ঞান হারান তিনি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাঁখের আহমেদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তবে প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন