আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের রাজধানী তেল আবিবে শনিবার (৪ এপ্রিল) শত শত মানুষ সরকার ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা রাজপথে জড়ো হয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন এবং ‘ডোন্ট বম্ব—টক! এন্ড দ্য এন্ডলেস ওয়ার্স!’ লেখা ব্যানার বহন করেন। যদিও বড় ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা রয়েছে, তবু এটি উপেক্ষা করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
স্ট্যান্ডিং টুগেদার নামের তৃণমূল সংগঠনের সহপরিচালক অ্যালন লি গ্রিন বলেন, পুলিশ আমাদের কণ্ঠরোধের চেষ্টা করছে। আমরা ইরান, লেবানন ও গাজায় চলমান যুদ্ধের অবসান এবং পশ্চিম তীরে সহিংসতা বন্ধের দাবি জানাতে এসেছি। এএফপি জানায়, বিক্ষোভ চলাকালে পুলিশ কয়েকজনকে আটক করেছে।
বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধের কারণ বারবার পরিবর্তন হচ্ছে এবং যুদ্ধ কখন শেষ হবে তা স্পষ্ট নয়। অনেকের অভিযোগ, নেতানিয়াহু তার বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার রোধ করতে যুদ্ধকে ব্যবহার করছেন। ৬২ বছর বয়সী বিক্ষোভকারী সিসিল বলেন, মূল কারণ হলো তিনি তার বিচার থামাতে চান।
এদিকে নেতানিয়াহু শক্ত অবস্থান বজায় রেখেছেন। শনিবার সন্ধ্যায় দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান, তেহরানের সন্ত্রাসী শাসনের ওপর হামলা অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, ইরানের পেট্রোকেমিক্যাল কেন্দ্র ও ইস্পাত উৎপাদন স্থাপনাগুলোকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থ উৎস’ হিসেবে লক্ষ্য করা হয়েছে।
সামরিক সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতের পর থেকে ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা জারি হলে বিক্ষোভকারীরা ধীরে ধীরে সমাবেশস্থল ত্যাগ করেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালাচ্ছে। এর জবাবে ইরান পার্শ্ববর্তী দেশগুলোতে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি সূত্র: হিন্দুস্তান টাইমস