আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় একজন ক্রু সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার দুইজন ক্রু বহনকারী বিমানটি বিধ্বস্ত হলে পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও উইপন সিস্টেম অফিসারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ সদস্যকে উদ্ধারে দুটি হেলিকপ্টার ও একটি এ-১০ ওয়ারথগ বিমান অভিযান চালায়। তবে উদ্ধার অভিযানে অংশ নেওয়া হেলিকপ্টারও হামলার মুখে পড়ে এবং এতে কয়েকজন ক্রু আহত হন। তবুও হেলিকপ্টারটি নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়।
উদ্ধার অভিযানে থাকা এ-১০ ওয়ারথগ বিমানটিও হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। ইরান দাবি করেছে, তারা ওই বিমানটি ভূপাতিত করেছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিখোঁজ মার্কিন সেনাকে ধরতে সহায়তা করলে নাগরিকদের জন্য প্রায় ৫০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এদিকে, নিখোঁজ ক্রু সদস্যের বর্তমান অবস্থা, তিনি জীবিত আছেন কি না কিংবা মার্কিন উদ্ধার অভিযান কতদূর এগিয়েছে—এসব বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি ইরান নিখোঁজ ওই সেনার বিষয়ে নতুন কোনো তথ্যও প্রকাশ করেনি।
রিপোর্টার্স২৪/বাবি