ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মায়ের ওপর অভিমান করে সাগর আহম্মেদ (১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া লক্ষীরহাট গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সাগর ওই গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে এবং স্থানীয় ভরনিয়া মশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে পড়াশোনা ও দুষ্টুমির বিষয়ে সাগরের মা রুমালী আক্তার তাকে কিছুটা শাসন ও রাগারাগি করেন। মায়ের ওপর অভিমান করে এরপর পরিবারের অলক্ষ্যে নিজ শয়নকক্ষে চলে যায় সাগর। পরে রাতে সাগরের মা দেখতে পান, শয়নকক্ষের ছাদের বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে সাগর ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সাগরকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। ছেলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাণীশংকৈল থানা ওসি আমানুল্লাহ আল বারী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় নিহতের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন