ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রনিক ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৬ এপ্রিল) সকালে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার রনিক ইসলাম ওই এলাকার মো. সহিদুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ঠাকুরগাঁও সদর থানাধীন পূর্ব গোয়ালপাড়া (তেলিপাড়া) গ্রামের রনিকের বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি বিশেষ টিম। অভিযানে রনিকের শয়নকক্ষে ২৯০ পিস ট্যাপেন্টাডল মাদক উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁও-এর পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ জানান, আটক রনিক দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে মাদক মজুত রেখে ক্রয়-বিক্রয় করে আসছিলেন। আটকের পর জব্দকৃত ট্যাপেন্টাডলসহ তাকে ঠাকুরগাঁও সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু