আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো দ্বৈত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) আইআরজিসির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি জানায়, ইসরায়েল-নিয়ন্ত্রিত অঞ্চলের কেন্দ্র ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আঘাতপ্রাপ্ত এলাকাগুলোর মধ্যে তেল আবিব, বেয়ার শেভা, পেতাহ টিকভা ও রিশন লেৎসিয়নের মতো গুরুত্বপূর্ণ শহর রয়েছে। মোট ৩০টিরও বেশি স্থানে হামলা হয়েছে বলে দাবি করা হয়।
হামলায় ‘খেইবার-শেকান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে আইআরজিসির দাবি। সংস্থাটি আরও জানায়, প্রয়োজনে ইসরায়েলের শিল্প, অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোতে আরও কঠোর হামলা চালানো হবে এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার জানান, নতুন দ্বৈত উৎক্ষেপণ ব্যবস্থার মাধ্যমে এ হামলা পরিচালিত হয়েছে, যা তাদের প্রতিশোধমূলক অভিযানের নতুন ধাপের সূচনা।
এদিকে ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৯৯তম ধাপের ঘোষণা দিয়ে আইআরজিসি দাবি করেছে, তারা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না। তাদের অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করলে এর জবাবেই এই অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি