ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও ২৫তম সংশোধনীর আওতায় অবিলম্বে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠন এনএএসিপি। ১৯০৯ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটি।
বুধবার(৮এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এনএএসিপির প্রেসিডেন্ট ডেরিক জনসন এক বিবৃতিতে বলেন, এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ ও উন্মাদ। তিনি দাবি করেন, ট্রাম্পের বক্তব্য ও আচরণ শুধু উদ্বেগজনক নয়, বরং তা অত্যন্ত বিপজ্জনক।
তিনি আরও বলেন, যখন দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি সত্য, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে অবজ্ঞা করেন, তখন তা শুধু দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাই ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।
উল্লেখ্য, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি মনে করেন প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম, তবে তাকে অপসারণের প্রক্রিয়া শুরু করা যায়।
সূত্র: আল জাজিরা
রিপোর্টার্স২৪/এন এইচ