আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রর মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে সংঘাতের ঘটনা ঘটেছে। ইরানের একটি তেল শোধনাগারে হামলার পাশাপাশি উপসাগরীয় দেশ কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে হামলার খবর পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় তেল সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে লাভান দ্বীপের একটি তেল শোধনাগার ‘শত্রু হামলার’ শিকার হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ দল মোতায়েন করা হয়।
এই হামলা ঘটে এমন এক সময়ে, যখন মঙ্গলবারই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান হামলা বন্ধ রাখলে যুক্তরাষ্ট্রও সামরিক অভিযান স্থগিত রাখবে।
চুক্তির অংশ হিসেবে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা জানায়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ।
তবে যুদ্ধবিরতির পরও ইরান ও উপসাগরীয় অঞ্চলে বিচ্ছিন্ন হামলা অব্যাহত থাকায় চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখনও নাজুক এবং যেকোনো সময় সংঘাত পুনরায় তীব্র আকার ধারণ করতে পারে।
উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সংঘাতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে পড়েছে।এনডিটিভি
রিপোর্টার্স২৪/এসসি