রিপোর্টার্স২৪ ডেস্ক: বিচারপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করে মক্কেলের অর্থ আত্মসাৎ করেন—এমন আইনজীবীদের কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও UNDP-এর যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেওয়া আইনজীবী আমরা চাই না।” তিনি আইন পেশায় সততা, নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বিচার বিভাগ সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। অবসরে যাওয়ার পর বিচারপতিদের লোভনীয় পদে নিয়োগ দেওয়ার প্রবণতা থাকলে তা সুপ্রিম কোর্টের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী জানান, সংসদ সদস্যদের গবেষণা কার্যক্রমে সহায়তার জন্য প্রত্যেকের সঙ্গে একজন করে ইন্টার্ন যুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
এছাড়া অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কাঠামোগত সংস্কার এবং বাজেট বাড়ানোর বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি। একই সঙ্গে বার কাউন্সিলের পরীক্ষাকে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং ইন্টার্নশিপ প্রোগ্রামের সফল সমাপ্তি উপলক্ষে সন্তোষ প্রকাশ করেন।
রিপোর্টার্স২৪/ঝুম