স্টাফ রিপোর্টার: প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি এবং যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে আবারও চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ফ্লাইট। আগামী ১ জুলাই ২০২৬ থেকে সপ্তাহে দুইদিন এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-এর বিশেষ নির্দেশনায় রুটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। যাত্রীসেবার মান উন্নয়ন ও অপারেশনাল স্থিতিশীলতার কারণে গত ১ মার্চ থেকে এই রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ছিল।
হজ কার্যক্রম শেষে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার দুটি ফ্লাইট পরিচালিত হবে। ফ্লাইটগুলো ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টার যাবে।
ফ্লাইট সূচি অনুযায়ী, ঢাকা থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে ছেড়ে সিলেটে পৌঁছাবে এবং দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেট থেকে ছেড়ে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে ম্যানচেস্টারে পৌঁছাবে। ফেরার পথে ম্যানচেস্টার থেকে রাত ৯টায় ছেড়ে পরদিন বেলা ১১টা ৫০ মিনিটে সিলেটে এবং দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
বাংলাদেশ বিমান জানিয়েছে, যাত্রীরা এখন থেকেই এই রুটে ভ্রমণের জন্য টিকিট বুকিং করতে পারবেন। বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট, কল সেন্টার এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে জানা যাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, যুক্তরাজ্য প্রবাসীদের জন্য এই রুট পুনরায় চালু হওয়ায় যাতায়াত সহজ হবে এবং আন্তর্জাতিক বিমান চলাচলে নতুন গতি যোগ হবে।