স্টাফ রিপোর্টার: চৈত্র শেষে বৈশাখের শুরুতেই দেশজুড়ে তাপদাহ বাড়তে শুরু করেছে। তীব্র রোদ ও গরমে জনজীবনে সৃষ্টি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এর বিস্তার আরও বাড়তে পারে।
মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকার পাশাপাশি নতুন এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। একইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পাবনার ঈশ্বরদীতে ৩৭ দশমিক ৫, সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৭, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার কুমারখালীতে ৩৭ এবং যশোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গরমের কারণে জনজীবনে অস্বস্তি বাড়ছে এবং বাইরে চলাচলকারী মানুষ ভোগান্তিতে পড়ছেন।
এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বৈশাখের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। বুধবার এ তাপপ্রবাহের বিস্তার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি