আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন কর্মচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ জন।
মঙ্গলবার দুপুরে সিংঘিতারাই অঞ্চলে অবস্থিত বেদান্ত শিল্পগোষ্ঠীর মালিকানাধীন এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই স্থানীয় প্রশাসন, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেদান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির বয়লার ইউনিট তাদের সরাসরি তত্ত্বাবধানে ছিল না। এটি এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড (এনজিএসএল) পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করছিল। তবে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। নিহতদের পরিবারের পাশে সরকার রয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হবে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
রিপোর্টার্স২৪/বাবি