ইন্টারন্যাশনাল ডেস্ক: সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে এক নারী যাত্রীর প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও যৌন নিপীড়নের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে সোমবার (১৩ এপ্রিল) Scoot Airlines পরিচালিত একটি ফ্লাইটে। অভিযুক্ত ব্যক্তির নাম সুধীর কুমার চৌহান বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ।
পুলিশ জানায়, ফ্লাইটে পাশের আসনে থাকা এক নারী যাত্রী বিষয়টি কেবিন ক্রুদের জানানোর পর তাকে দ্রুত অন্য আসনে সরিয়ে নেওয়া হয়। এরপর এয়ারলাইন্স কর্তৃপক্ষ পুরো ফ্লাইটজুড়ে অভিযুক্ত যাত্রীর ওপর নজরদারি রাখে।
বিমানটি অস্ট্রেলিয়ার পার্থে অবতরণের পরপরই তাকে বিমান থেকে নামিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে ‘সম্মতিহীন যৌন আচরণ’ এবং ‘সম্মতিহীন একাধিক অশালীন আচরণ’-এর অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কর্মকর্তা পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে বলেন, বিমানে প্রতিটি যাত্রীর নিরাপদ ভ্রমণের অধিকার রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত আচরণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিমানকর্মী বা নিরাপত্তা বাহিনীকে জানানো উচিত।
তিনি আরও বলেন, বিমান বা বিমানবন্দরে কোনো ধরনের অশালীন আচরণ সহ্য করা হবে না এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং আগামী শুক্রবার তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম