ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় মধ্যস্থতায় সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই প্রচেষ্টার অংশ হিসেবে তিনি সৌদি আরব, কাতার ও তুরস্কে চার দিনের কূটনৈতিক সফরে যাচ্ছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সরকারি সফর বুধবার(১৫ এপ্রিল) থেকে শনিবার পর্যন্ত নির্ধারিত হয়েছে। সৌদি আরব ও কাতারে বৈঠকগুলো ‘দ্বিপাক্ষিক প্রেক্ষাপটে’ অনুষ্ঠিত হবে এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ব বৈঠকে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার(১৪ এপ্রিল) পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে বলেন, শাহবাজ শরিফ তাকে তার সহযোগী মধ্যস্থতাকারীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা এবং আরও আলোচনা নিশ্চিত করার উদ্যোগ সম্পর্কে অবহিত করেছেন। এই উদ্যোগটি দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে নেওয়া হয়েছে। আগামী ২২ এপ্রিল পর্যন্ত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধবিরতি চলবে।
আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের শান্তি প্রক্রিয়া টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্র, ইরান এবং অন্যান্য প্রধান শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা
রিপোর্টার্স২৪/এম এইচ