জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দীর্ঘদিন জুয়ার সঙ্গে জড়িয়ে সর্বস্বান্ত হওয়ার পর অনুতপ্ত হয়ে নতুন জীবনের শপথ নিয়েছেন জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। প্রায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করে তিনি আত্মশুদ্ধির প্রতীকী বার্তা দিয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার মহীপুর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইনসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ে ধীরে ধীরে নিজের আর্থিক সচ্ছলতা, পারিবারিক স্থিতি ও সামাজিক মর্যাদা হারিয়ে ফেলেন তিনি। পরে নিজের ভুল বুঝতে পেরে এ পথ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও পথচারীদের উপস্থিতিতে জাহিদুল ইসলাম অঙ্গীকার করেন, তিনি আর কখনো কোনো ধরনের জুয়ার সঙ্গে নিজেকে জড়াবেন না। তিনি বলেন, “জুয়া আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। এখন থেকে নতুনভাবে সৎ পথে চলতে চাই।”
স্থানীয়দের মতে, জাহিদুল ইসলামের এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে এবং অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে। অনেকেই তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
সচেতন মহলের অভিমত, অনলাইন জুয়া বর্তমানে তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সহজলভ্য ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তির কারণে অনেকেই এ আসক্তিতে জড়িয়ে পড়ছে, যা ব্যক্তি ও পারিবারিক জীবনে মারাত্মক প্রভাব ফেলছে।
এদিকে, স্থানীয় প্রশাসন ও সচেতন মহল জুয়া বিরোধী প্রচার-প্রচারণা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ক্ষতিকর পথে না যায়।
বিশ্লেষকদের মতে, জাহিদুল ইসলামের এই আত্মশুদ্ধির উদ্যোগ কেবল ব্যক্তিগত পরিবর্তন নয়, বরং সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে।
রিপোর্টার্স২৪/সাইফ