রাজবাড়ী প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠিখেলা।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ও মন্ডল সিরামিকের সহযোগিতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
লাঠিখেলায় রাজবাড়ীর স্থানীয় লাঠিয়ালদের পাশাপাশি সিরাজগঞ্জ থেকে আগত দল অংশ নেয়। তারা লাঠির নান্দনিক কৌশল, শারীরিক দক্ষতা ও ভঙ্গিমার মাধ্যমে খেলা প্রদর্শন করলে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
খেলা শেষে অংশগ্রহণকারী লাঠিয়ালদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। লাঠিয়ালরা জানান, লাঠিখেলা শুধু বিনোদন নয়, এটি শারীরিক ব্যায়াম ও আত্মরক্ষার একটি কার্যকর মাধ্যম। তবে পৃষ্ঠপোষকতার অভাবে এ ঐতিহ্যবাহী খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
দর্শকরা বলেন, আগে নিয়মিত লাঠিখেলা হলেও এখন তা খুব কম দেখা যায়। এমন আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্ম ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
মন্ডল সিরামিকের শুভাকাঙ্ক্ষী গোলাম মোর্তূজা বলেন, গ্রামীণ খেলাধুলা ধরে রাখা এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, লাঠিখেলার মতো ঐতিহ্যবাহী খেলাকে টিকিয়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি