স্টাফ রিপোর্টার: রাজধানীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পেতে একাধিক তরুণীকে নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার (১৩ এপ্রিল) দনিয়া কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রাব্বি ফেসবুকে ভুয়া আইডি খুলে নারী কণ্ঠে কথা বলে প্রথমে তরুণীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। পরে কৌশলে এক ভিকটিমের মোবাইল নিয়ন্ত্রণে নিয়ে তার পরিচিতদের টার্গেট করে নতুন শিকার বানাতেন।
এরপর উপহার বা পারিবারিক অনুষ্ঠানের প্রলোভন দেখিয়ে যাত্রাবাড়ীর একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করতেন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করতেন। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায় করতেন।
পুলিশ জানায়, মাত্র দুই মাসে অন্তত ১৩ জন তরুণীকে একই কৌশলে নির্যাতনের শিকার করা হয়েছে। ভুক্তভোগীদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে এবং অধিকাংশই রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা।
একাধিক ঘটনায় দেখা গেছে, তিনি ভিকটিমদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাঁচজন ভিকটিমের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিসি আহসান উদ্দিন সামী জানান, অভিযুক্তের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১০টি অভিযোগ পাওয়া গেছে, যেগুলোর সবগুলোতেই একই ধরনের প্রতারণা ও নির্যাতনের কৌশল ব্যবহার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগীদের সহায়তায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি