রিপোর্টাস২৪ ডেস্ক: বিসিএস পরীক্ষায় মুখস্থনির্ভর পদ্ধতি থেকে সরে এসে দক্ষতাভিত্তিক মূল্যায়ন চালুর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে সিলেবাসে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াকে যুগোপযোগী করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, নতুন সিলেবাসে প্রার্থীদের শুধু তথ্য মুখস্থ করার দক্ষতা নয়, বরং তাদের বাস্তব জ্ঞান, বিশ্লেষণ ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে। এ জন্য আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার কাঠামোও পর্যালোচনা করছে কমিটি।
মৌখিক পরীক্ষাতেও পরিবর্তন আনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই এমন একটি সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হবে, যেখানে প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতি সমন্বিতভাবে মূল্যায়ন করা হবে।
তিনি আরও জানান, দীর্ঘসূত্রতা কমাতে একটি বিসিএস পরীক্ষা এক বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৫০তম বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তির সময়ই পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং সে অনুযায়ী প্রিলিমিনারি ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা শুরু হয়েছে।
এই পরিবর্তনের মাধ্যমে বিসিএস পরীক্ষা আরও আধুনিক, কার্যকর এবং বাস্তবমুখী হবে বলে আশা করছে সরকার।
রিপোর্টার্স২৪/ঝুম