ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক নারী ও তার ছেলের ওপর হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার করেছেন ভুক্তভোগী নারী।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সনগাঁও (সরকারপাড়া) গ্রামের বাসিন্দা আশরাফুন নাহার তার প্রতিবেশী মো. আলমগীর চৌধুরীসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন। অভিযুক্তদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, ২০২৩ সালে জমি দখল নিয়ে বিরোধের পর তার স্বামীকে হত্যা করা হয় এবং সে ঘটনায় মামলা চলমান রয়েছে। ওই মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল।
মামলার এজাহারে বলা হয়, গত ৮ এপ্রিল রাতে মুখোশধারী কয়েকজন ব্যক্তি তার বাড়িতে অনধিকার প্রবেশ করে তার ছেলে সারওয়ার হোসেন চৌধুরীকে জোরপূর্বক তুলে নিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় তাকে লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ছেলেকে রক্ষা করতে গেলে আশরাফুন নাহারকেও মারধর এবং শ্লীলতাহানি করা হয়। এ সময় হামলাকারীরা ঘরের দরজা-জানালা, আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতি করে বলে দাবি করা হয়েছে। এছাড়া নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হলেও তারা ভয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারী জানান, স্থানীয়ভাবে বিচার চেয়ে কোনো প্রতিকার না পেয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/মিতু