আন্তর্জাতিক ডেস্ক: ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ বলেছেন, মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে গোটা বিশ্ব বিধ্বস্ত হচ্ছে। বিশ্বজুড়ে সংঘাত ও যুদ্ধে বিপুল অর্থ ব্যয়কারী নেতাদের কঠোর সমালোচনা করে তিনি যুদ্ধের ন্যায্যতা দিতে ধর্মের ব্যবহার বন্ধের আহ্বান জানান।
বৃহস্পতিবার ক্যামেরুনে দেওয়া এক ভাষণে পোপ এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে করা আক্রমণাত্মক মন্তব্যের পরদিনই তিনি এই বক্তব্য দেন।
পোপ লিও বলেন, যুদ্ধের কর্তারা অল্প সময়ে ধ্বংস ডেকে আনতে পারেন, কিন্তু পুনর্গঠনে একটি জীবনও যথেষ্ট নয়। তিনি অভিযোগ করেন, হত্যা ও ধ্বংসযজ্ঞে শত শত কোটি ডলার ব্যয় করা হলেও চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সম্পদের ঘাটতি থেকে যাচ্ছে।
তিনি আরও বলেন, যারা সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক লাভের জন্য ধর্ম ও ঈশ্বরের নাম ব্যবহার করেন, তারা পবিত্রতাকে কলুষিত করছেন। এমন কর্মকাণ্ডকে তিনি ‘উল্টে যাওয়া জগৎ’ বলে অভিহিত করে প্রত্যাখ্যানের আহ্বান জানান।
ট্রাম্পের সমালোচনা প্রসঙ্গে পোপের মন্তব্যকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি