স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার মাত্র ৯ দিনের মাথায় এ উদ্যোগের ঘোষণা দেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পুরুষ ও নারী দলের মোট ৩২ জন অধিনায়কের হাতে এই বিশেষ কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বেশিরভাগ অধিনায়ক উপস্থিত থেকে নিজ হাতে কার্ড গ্রহণ করেন।
তবে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও আমিনুল ইসলাম বুলবুল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। বিসিবি সভাপতি জানান, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সুবিধাজনক সময়ে তারা কার্ড সংগ্রহ করবেন।
বিসিবির এ উদ্যোগ দেশের ক্রিকেটে প্রথম। ‘ক্যাপ্টেন্স কার্ড’ধারীরা আজীবন আইসিসি, এসিসি, দ্বিপাক্ষিক সিরিজ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ সব ধরনের ক্রিকেটীয় ইভেন্টে স্টেডিয়ামে প্রবেশের পাস হিসেবে এটি ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া কার্ডধারীরা স্বাস্থ্যবিমা সুবিধা পাবেন। অসুস্থ হলে বিসিবির মেডিকেল টিম প্রয়োজনীয় সহায়তা দেবে এবং চিকিৎসা সংক্রান্ত সমন্বয় করবে। পাশাপাশি স্টেডিয়ামে ভিআইপি পর্যায়ের গাড়ি পার্কিং সুবিধাও পাবেন তারা।
বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান ও তাদের অবদানকে মূল্যায়ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি