রিপোর্টার্স২৪ ডেস্ক: হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
হজ ফ্লাইট-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা হজ ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে। তিনি হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতে বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজযাত্রাকে সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করা আমাদের পবিত্র দায়িত্ব। তিনি সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে হজযাত্রী ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ প্রদান করেন।
চলতি বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।
রিপোর্টার্স২৪/ঝুম