রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে বৃত্তি পরীক্ষা ও উপবৃত্তি ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করা হবে। একই সঙ্গে উপবৃত্তির অর্থের পরিমাণ বাড়ানোর বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের এবং তাদের পরিবারকে পড়াশোনায় উৎসাহিত করা। এই প্রক্রিয়া বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, যেসব পরীক্ষা পূর্ববর্তী সময়ে স্থগিত ছিল, সেগুলো আবার চালু করা হয়েছে এবং নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বৃত্তির মাধ্যমে দেওয়া আর্থিক সহায়তা বা ইনসেনটিভের পরিমাণও বৃদ্ধি করার বিষয়টি বিবেচনায় আছে।
শিক্ষার্থীদের ক্লাসরুমে ধরে রাখতে পরিবারকে আর্থিকভাবে উৎসাহিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। একই সঙ্গে অভিভাবকদের সঙ্গে আলোচনা এবং গণমাধ্যমের ফিডব্যাকও নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
উপবৃত্তি ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আর্থিক সহায়তা কাঠামোকে আরও আধুনিক ও কার্যকর করার পরিকল্পনা চলছে। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা।
তিনি বলেন, “মূল লক্ষ্য একটাই সব শিক্ষার্থীকে ক্লাসরুমে ফিরিয়ে আনা। এজন্য পরিবারকে কীভাবে সবচেয়ে কার্যকরভাবে আর্থিক সহায়তা দেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে।”
নীতিনির্ধারণ প্রক্রিয়ায় গণমাধ্যমের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতের নীতিমালা প্রণয়নে বিভিন্ন পক্ষের পরামর্শ গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম