আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে এবং লেবানন-ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্র-সমর্থিত ১০ দিনের যুদ্ধবিরতিকে সমর্থন করার জন্য ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে। তিনি আরও ইঙ্গিত দেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যদি কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, তবে তিনি নিজেও সেখানে যেতে পারেন।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় ইরানে হাজারো মানুষ নিহত হয়েছে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জনপ্রিয়তা হারিয়েছে এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে। একই সঙ্গে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে, তেলের দাম বেড়ে ইতিহাসের অন্যতম বড় ধাক্কা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এবং দীর্ঘমেয়াদি সংঘাত বিশ্বকে মন্দার মুখে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে।
জি-৭ দেশগুলোর অর্থমন্ত্রীদের মতে, অর্থনৈতিক ক্ষতি কমাতে দ্রুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা জরুরি।
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপন কূটনৈতিক তৎপরতায় অগ্রগতি হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তাদের মতে, আসন্ন বৈঠকে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে এবং পরবর্তী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো সম্ভব।
কূটনৈতিক সূত্র জানায়,পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে অবস্থান করে গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি অর্জন করেছেন। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র ২০ বছরের জন্য ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম স্থগিতের প্রস্তাব দিয়েছে, বিপরীতে তেহরান ৩ থেকে ৫ বছরের বিরতির প্রস্তাব করেছে।
এদিকে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে, আর যুক্তরাষ্ট্র উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম (HEU) দেশটির বাইরে সরিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছে। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ইঙ্গিত পাওয়া গেছে।
সমঝোতার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ৯৮.৫৩ ডলারে এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ৯৩.৫৯ ডলারে নেমে এসেছে।
তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি এখনও কার্যত বন্ধ রয়েছে। ইরান তাদের নিজস্ব জাহাজ ছাড়া অন্যদের চলাচল সীমিত করেছে এবং যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজে অবরোধ আরোপ করেছে। এতে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল চীনে রপ্তানি ব্যাহত হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
অন্যদিকে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাস্তুচ্যুত মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। রাজধানী বৈরুৎ-এর বিভিন্ন এলাকায় উদযাপনের অংশ হিসেবে গুলির শব্দ শোনা গেছে।
ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলেছেন এবং শিগগিরই তাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাতে পারেন।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ ২ মার্চ তেহরানের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর পর লেবাননে সংঘাত আবারও তীব্র হয়। ইসরায়েলের পাল্টা অভিযানে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছে বলে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে।
দক্ষিণ লেবাননের শহর নবতিহ ফিরে আসা অনেক বাসিন্দা দেখেছেন, তাদের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেউ কেউ আবারও এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ফাদেল বাদরেদ্দিন বলেন, এখানে শুধু ধ্বংসস্তূপ। বসবাসের উপযোগী নয়। আমরা জিনিসপত্র নিয়ে আবার চলে যাচ্ছি। আল্লাহ আমাদের শান্তি দিন এবং এই পরিস্থিতির স্থায়ী অবসান ঘটান। রয়টার্স
রিপোর্টার্স২৪/এসসি