স্পোর্টস ডেস্ক: প্রায় পাঁচ বছর পর আবারও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ আয়োজনের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বর্তমানে স্বাগতিক বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যস্ত। তিন ম্যাচের এই সিরিজ শেষে দুই দল টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে। ওই সিরিজ শেষ হলেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যালেঞ্জে নামবে টাইগাররা।
সূচি অনুযায়ী, আগামী ৩ মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান টেস্ট দল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজধানীর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মে, যার ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দুই ম্যাচের এই সিরিজটি ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
সবশেষ ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। সে সময় তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। আর দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয় ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। ওই সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।
পাকিস্তান সিরিজ শেষে জুনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। প্রায় ১৫ বছর পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন।
রিপোর্টার্স২৪/বাবি