স্টাফ রিপোর্টার: রাশিয়া থেকে বাংলাদেশে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের ‘ছাড়’ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার (১৭ এপ্রিল) মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন দৈনিক পত্রিকায় বাংলাদেশের জন্য রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের ছাড় দেওয়ার বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সংশ্লিষ্ট বিভাগের নজরে এসেছে। তবে এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোনো অনুমোদিত কর্মকর্তা কোনো গণমাধ্যমকে তথ্য, নিশ্চিতকরণ বা মন্তব্য দেননি।
এতে আরও বলা হয়, গত ১১ এপ্রিল থেকে আগামী ৯ জুন পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় বা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির কোনো পরিকল্পনা সম্পর্কেও বিভাগ কোনো গণমাধ্যম বা সাংবাদিককে তথ্য দেয়নি।
বিভাগটি স্পষ্ট করে জানায়, রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ছাড়, কিংবা বাংলাদেশ কর্তৃক রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল ক্রয়ের কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা ব্যবস্থা সম্পর্কে তাদের কাছে কোনো সরকারি বা হালনাগাদ তথ্য নেই।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভাগের কর্মকর্তাদের নামে প্রকাশিত এ ধরনের সংবাদ অনুমোদিত তথ্যের ভিত্তিতে নয়। এ ধরনের সংবেদনশীল তথ্য প্রচার জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেছে বিভাগটি।
রিপোর্টার্স২৪/বাবি