কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ এপ্রিল) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দের পাশাপাশি দুইজন আসামিকে আটক করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, পেট্রল, অকটেন, ডিজেল, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাংগা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আনোয়ার হোসেন (২৯) এবং একই ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মগোল হোসেনের ছেলে রিপন মিয়া (২৮)।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম