ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রে পারমাণবিক ও মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত অন্তত ১০ জন বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি তদন্তে নেমেছে হোয়াইট হাউস।
বুধবার (১৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। তবে ঘটনাগুলোর মধ্যে সম্ভাব্য একটি ‘প্যাটার্ন’ লক্ষ্য করা যাচ্ছে, যা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ কারণে আনুষ্ঠানিক তদন্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
নিখোঁজদের মধ্যে রয়েছেন নাসা জেট প্রোপালশন ল্যাবরেটরির সিনিয়র প্রকৌশলী মনিকা জাসিন্তো রেজা। তিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন। এছাড়া পারমাণবিক নিরাপত্তা-সংক্রান্ত একটি প্রকল্পে যুক্ত স্টিভেন গার্সিয়া ২০২৫ সালের আগস্টে নিখোঁজ হন।
এছাড়া লস আলামোস জাতীয় পরীক্ষাগারের সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ এবং যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম নিল ম্যাককাসল্যান্ডও নিখোঁজদের তালিকায় রয়েছেন।
অন্যদিকে, জেট প্রপালশন ল্যাবরেটরির দুই বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড ও মাইকেল ডেভিড হিকসের মৃত্যুর ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।
এই ঘটনাগুলো এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র সরকার NASA ও পেন্টাগনকে পারমাণবিক মহাকাশ প্রযুক্তি উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিতে চাপ দিচ্ছে।
এদিকে কংগ্রেসম্যান এরিক বার্লিসন এ ঘটনায় ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তার মতে, উচ্চ নিরাপত্তা সংবেদনশীল গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের এভাবে নিখোঁজ হওয়া অত্যন্ত উদ্বেগজনক।
তবে এখন পর্যন্ত এসব ঘটনার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক বা নির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/এসসি