রিপোর্টার্স২৪ ডেস্ক: চলচ্চিত্র নির্মাণকে ঘিরে নিজের দীর্ঘ অভিজ্ঞতা, কষ্ট ও মানসিক চাপের কথা তুলে ধরেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, সিনেমা মুক্তির সময় তার শরীরে জ্বর আসে—কারণ থাকে সম্ভাব্য সমালোচনা ও আক্রমণের আশঙ্কা।
শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে ফারুকী জানান, বর্তমানে তিনি নতুন একটি চিত্রনাট্য তৈরির কাজে ব্যস্ত আছেন। আর সেই কাজের ফাঁকেই তিনি অতীতের নির্মাণ অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করেন।
তিনি লেখেন, “আমার জীবনের একটা ট্র্যাজিক দিক আছে। সিনেমা মুক্তির সময় আমার জ্বর এসে যায়। এর কারণ হচ্ছে ছবি মুক্তি পরবর্তী আক্রমণের আশঙ্কা।”
নিজের নির্মিত চলচ্চিত্রগুলোর প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে ফারুকী বলেন, প্রতিটি সিনেমা মুক্তির পরই তাৎক্ষণিকভাবে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে। অনেকেই শুরুতে তার কাজকে ‘ফালতু’ বলেও আখ্যা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সময়ের ব্যবধানে অনেক কাজই পরে দর্শকদের কাছে ‘ক্লাসিক’ হিসেবে স্বীকৃতি পেলেও তখনকার সেই নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে তার মানসিক ও শারীরিক শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফারুকী লেখেন, “দশ বছর পরে দেখি সেই ‘ফালতু’ সিনেমাকেই ক্লাসিক কাজ হিসেবে নতুন দর্শকরা পরিচয় করিয়ে দেয়। কিন্তু ততদিনে আমার প্রাণশক্তি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।”
তার নির্মিত ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার’, ‘টেলিভিশন’ ও ‘৪২০’সহ বিভিন্ন কাজের ক্ষেত্রেও একই অভিজ্ঞতার কথা উল্লেখ করেন তিনি।
চলচ্চিত্র নির্মাণের ভবিষ্যৎ নিয়ে দ্বিধার কথাও জানান এই নির্মাতা। তিনি বলেন, “আমি ঠিক বুঝতে পারতেছি না এখন কী করা উচিত। আমি কি সিনেমা বানিয়ে দশ বছর পর রিলিজ দেবো?”
শিল্পচর্চাকে অত্যন্ত সংবেদনশীল কাজ হিসেবে উল্লেখ করে ফারুকী বলেন, বিশেষ করে সিনেমা এমন একটি মাধ্যম, যেখানে সমালোচনা অনেক সময় ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যায়।
সবশেষে তিনি তার দর্শক ও অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, যারা তার কাজকে ভালোবাসেন, তাদের সমর্থনই তাকে শিল্পী হিসেবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
তিনি জানান, নতুন স্ক্রিপ্ট লেখার সময়ে অতীতের এসব অভিজ্ঞতা তাকে আবারও ভাবতে বাধ্য করছে।
রিপোর্টার্স২৪/ঝুম