ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের ৫০তম দিনে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র তার বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত প্রণালিটি খোলা থাকবে না।
এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি নিয়ে তিনি আশাবাদী। তবে তিনি একই সঙ্গে সতর্ক করেন, দীর্ঘমেয়াদি চুক্তি না হলে যুদ্ধবিরতি বুধবারের পর বাড়ানো নাও হতে পারে।
শনিবার সকালে প্রণালিটি আংশিকভাবে খোলা হলেও নতুন শর্ত আরোপ করে ইরান আবার নিয়ন্ত্রণ কড়াকড়ি করে। ইরান বলেছে, প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুধুমাত্র তাদের সামরিক কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে করা যাবে এবং “শত্রু দেশ” বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ নিষিদ্ধ থাকবে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, প্রণালিতে জাহাজ চলাচলের জন্য “প্রথাগত টোল” না থাকলেও নিরাপত্তা সেবার জন্য নতুন ফি আরোপের পরিকল্পনা রয়েছে।
ইরান আবারও জানিয়েছে, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোনোভাবেই দেশের বাইরে নেওয়া হবে না। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, ওই মজুদ যুক্তরাষ্ট্রে স্থানান্তরের একটি প্রস্তাব আলোচনায় রয়েছে—যা তেহরান সরাসরি অস্বীকার করেছে।
লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর নতুন কূটনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে তিনি বলেছেন, দেশটি এখন “অন্যদের যুদ্ধের ময়দান” হতে চায় না।
যুক্তরাজ্য ও ফ্রান্স জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে হরমুজে নৌপথ নিরাপত্তায় একটি আন্তর্জাতিক মিশন গঠন করা হবে।ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী লেবাননের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে এবং পরিস্থিতি বাড়লে যুদ্ধে যোগ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
সৌদি আরব জানিয়েছে, হরমুজ পুনরায় আংশিকভাবে খুলে দেওয়ায় পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হলেও এটি এখনো “অত্যন্ত নাজুক”।যুক্তরাষ্ট্র রুশ তেল আমদানির ওপর দেওয়া কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকে।অন্যদিকে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ইরানি বন্দরের দিকে যাওয়া ২১টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
হরমুজ পুনরায় খোলার ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমে যায় এবং শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এখনো স্থায়ী নয় এবং যেকোনো সময় নতুন সংকট তৈরি হতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি