ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে কুমার নদে ডুবে তাসনিম আলম তাজ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির অদূরে এ দুর্ঘটনা ঘটে।
তাজ ফরিদপুর তারার মেলা মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম ও রূপা আক্তার দম্পতির ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল মেজো। পরিবারটি ফরিদপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভাটি লক্ষ্মীপুর এলাকায় বসবাস করে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশী সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে তাজ বাড়ির অদূরে কুমার নদে পড়ে যায়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুরা বাড়ি ফিরে খবর দিলে স্থানীয়রা নদ থেকে তাকে উদ্ধার করে।
প্রথমে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, তাজ বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে কুমার নদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি।
বাদ এশা কমলাপুর মাটিয়া গোরস্তানে শিশুটির দাফন সম্পন্ন হয়।