এন্টারটেইনমেন্ট ডেস্ক: আবারো নতুন অতিথি আসার সুখবর দিলেন বলিউড দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। রোববার (১৯ এপ্রিল) সামাজিকমাধ্যমে মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি মিষ্টি ছবির মাধ্যমে দীপিকা তার দ্বিতীয়বার মা হওয়ার খবরটি ভক্তদের সাথে শেয়ার করেন।
দীপিকার শেয়ার করা ছবিতে দেখা যায়, ছোট মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে আছে, যাতে পজিটিভ ফলাফলের দুটি লাল দাগ স্পষ্ট। পাশে রণবীর ও দীপিকার হাতও দেখা যাচ্ছে। বড় বোন হতে যাওয়া দুয়ার এই ছবিটিই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
দীপিকা পোস্টের ক্যাপশনে কোনো দীর্ঘ বার্তা না লিখে শুধু ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছেন। এই সুখবর সামনে আসার পর থেকেই পরিণীতি চোপড়া, সামান্থা রুথ প্রভুর মতো তারকারা দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন।
২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তান দুয়ার জন্ম দেন দীপিকা। বর্তমানে দীপিকা শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন।
অন্যদিকে, রণবীর সিং তার সাম্প্রতিক ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর পরবর্তী কাজ ‘প্রলয়’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব