হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মঞ্জুর মিয়া (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুর মিয়া স্থানীয় খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমানের পরিবার ব্যবহার করে আসছিল। একই গ্রামের হেলাল মিয়া ও মনিরুজ্জামানের পক্ষ থেকে জমিটি দখলের চেষ্টা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলাল ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোক জমি দখলের উদ্দেশ্যে এগিয়ে গেলে খলিলুর রহমানের পক্ষ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে এবং এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে মঞ্জুর মিয়াসহ অন্তত ২০ জন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে সাফি মিয়া (৩২), মুজিবুর রহমান (৩২), শামিম মিয়া (৫০), মামুন মিয়া (৩১), জুনেদ মিয়া (২৮), রুহেল মিয়া (৩৮), ইমন মিয়া (১৭), কাউছার মিয়া (২২) ও জুয়েল আহমেদ (৩২) রয়েছেন।
নিহতের বাবা খলিলুর রহমান অভিযোগ করে বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে তারা ওই জমিতে বসবাস করে আসছেন। প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তার ছেলেকে হত্যা করেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, দীর্ঘদিনের জমি বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি