প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 20-04-2026 ইং
সংবাদ শিরোনামঃ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলায় মুকুল হোসেন নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুকুল হোসেনের বুকে ও পিঠে চারটি গুলি করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়া গ্রামের মাঝামাঝি কাশেম মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে গুরুতর আহত মুকুল হোসেন উপজেলার সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে ও গ্রাম বিএনপির সহ-সভাপতি
স্থানীয়রা জানান, মুকুল হোসেন গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হন। কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়া গ্রামের মাঝামাঝি কাশেম মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর চারটি গুলি করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির চারটি খোসা উদ্ধার করেছে। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
স্থানীয়রা আরও জানান, এর আগেও মুকুল হোসেনকে লক্ষ্য করে দুই দফায় বোমা হামলা চালানো হয়েছিল।