স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা অংশ নেন।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, একবার ‘গুপ্ত’ বলায় যদি এত প্রতিক্রিয়া হয়, তাহলে প্রতিটি ক্যাম্পাসে বারবার এ কথা বলা হবে। তিনি অভিযোগ করেন, দেয়াল লিখন নিয়ে বিরোধের জেরে ছাত্রশিবির ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।
ঘটনার সূত্রপাত হয় চট্টগ্রাম সিটি কলেজের একটি দেয়াল লিখনকে কেন্দ্র করে। সেখানে ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা একটি গ্রাফিতি থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে দেন ছাত্রদলের কিছু নেতাকর্মী। পরে সেখানে ‘গুপ্ত’ শব্দটি লেখা হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মঙ্গলবার দুদফা সংঘর্ষের ঘটনা ঘটে।
নাছির উদ্দিন নাছির বলেন, দেয়াল লিখনের জবাব দেয়াল লিখনেই দেওয়া যেত। কিন্তু তা না করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির শক্তিশালী অবস্থানে থাকলে সহিংসতার প্রবণতা বেশি দেখা যায়, যার বড় অংশ চট্টগ্রাম অঞ্চলে ঘটেছে।
তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে তা প্রতিহত করা হবে এবং সংশ্লিষ্টদের ক্যাম্পাসে স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে না।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্টের পর আমরা সহনশীলতা দেখিয়েছি। কিন্তু কিছু গোষ্ঠী মব সংস্কৃতি উসকে দিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করছে। তিনি অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে ‘গুপ্ত রাজনীতি’র সংশ্লিষ্টতা রয়েছে।
তিনি আরও বলেন, যদি কোনো শিক্ষার্থী বা সংগঠনের সদস্য গেস্টরুম বা গণরুমের মতো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংগঠনের কেউ উস্কানিমূলক সহিংসতায় জড়ালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হবে বলেও জানান তিনি।
সমাবেশে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সিনিয়র সহ-সভাপতি মাছুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ভূঁইয়া ইমনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বক্তব্য দেন। এছাড়া ঢাকা কলেজ ও কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা ক্যাম্পাসে সহিংসতা পরিহার করে রাজনৈতিক মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/বাবি