রিপোর্টার্স ২৪ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু নাছের (৫০)। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন বলে পরিবার নিশ্চিত করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টার দিকে সোয়েতো এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্বৃত্তরা আবু নাছেরকে লক্ষ্য করে ছয় থেকে সাত রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয় প্রবাসীদের দাবি, এটি কোনো সাধারণ ডাকাতির ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁদের ধারণা, দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধের জের ধরে ভাড়াটে খুনিদের দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
পরিবার জানায়, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় আবু নাছের নিজের দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন করেছিলেন এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য বডিগার্ডও নিয়োগ দিয়েছিলেন। তবুও শেষ পর্যন্ত তিনি প্রাণে রক্ষা পাননি।
আবু নাছের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ২০০৭ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে শপিং মলসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করছিলেন।
নিহতের বড় ছেলে আবু রাফসান জানান, কিছুদিন আগে একটি ব্যবসায়িক অংশীদারিত্ব নিয়ে দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বাবার বিরোধ তৈরি হয়। এরপর থেকেই তিনি হুমকির মধ্যে ছিলেন বলে পরিবারের দাবি।এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে বলে প্রবাসী সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স২৪/এসসি